খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

খুলনাকে সমৃদ্ধ শিল্প ও বন্দর নগরী হিসেবে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আজ বুধবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জার্মান সরকারের সহায়তায় এবং কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘সিসিএইউডি’ (Phase-2) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান ‘একোম্প্যানিং মেজর কনসালট্যান্ট’ (AMC) এই বৈঠকের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “খুলনা ঐতিহ্যগতভাবে একটি সম্ভাবনাময় নগরী হলেও কর্মসংস্থানের সংকট, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। আমরা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, জাতীয় পলিসি নির্ধারণী পর্যায়ে স্থানীয় নেতৃত্বের দুর্বলতার কারণে খুলনা পিছিয়ে রয়েছে। তাই খুলনার উন্নয়নের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরার জন্য স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে ২০৩৪ সালের মধ্যে খুলনার স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা করে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি এবং কেসিসি, কেডিএ, সরকারি-বেসরকারি সংস্থা ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে নিজ নিজ মূল্যবান মতামত তুলে ধরেন।



















