অপু বিশ্বাসকে একনজর দেখার ভিড়: মতলব উত্তরে মেকওভারের উদ্বোধন অনুষ্ঠানে ১০+ মোবাইল চুরির অভিযোগ
- Update Time : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৪৪ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারে একটি রূপচর্চা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে দেখতে উপচে পড়া ভিড় জমেছিল। আর এই জনস্রোতের সুযোগ নিয়েই সক্রিয় হয়ে ওঠে চোরচক্র; অনুষ্ঠান চলাকালীন অন্তত ১০টির বেশি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার নতুন বাজারে ‘ঐশী মেকওভার’-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন বয়সী মানুষ তাকে একনজর দেখতে চারপাশ থেকে ভিড় জমান।
তবে অতিরিক্ত জনসমাগম ও মানুষের ঠেলাঠেলির সুযোগকে কাজে লাগিয়ে পকেটমার ও চোরচক্রটি তাদের কার্যক্রম চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিড়ের মধ্যে থেকে অন্তত ১০টি দামি মোবাইল ফোন খোয়া গেছে।
একাধিক ব্যক্তির মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কারা জড়িত কিংবা কীভাবে ঘটনাগুলো ঘটেছে তা জানা যায়নি। এছাড়া এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে কি না, তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ধরনের বড় ধরনের জনসমাগম বা তারকাখচিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় জনসাধারণকে মোবাইল ফোন, মানিব্যাগ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিজ দায়িত্বে নিরাপদে রাখার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।




















