দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক
- Update Time : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৪৪ Time View

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বিলকিস বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের টিএনটি গেটসংলগ্ন পৌরসভা রোডে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতে থাকা ব্যাগসহ ওই নারীর গতি রোধ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত বিলকিস বেগম জেলার বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে এবং এর আগে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা ভোগ করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




















