নারায়ণগঞ্জকে নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত এসপি
- Update Time : ০৭:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপারকে নারায়ণগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারব। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।” প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। বিশেষ করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে চলমান অভিযানের ভূয়সী প্রশংসা করা হয় এবং এই অভিযান আরও জোরদার করার অনুরোধ জানানো হয়।
পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির পরিচালনায় সভায় প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



















