বাঁশখালীতে ছাত্রলীগ নেতা পরিচয়ে যুবক গ্রেপ্তার, দুপুরে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ
- প্রকাশের সময় : ০৫:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 50

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সাজিদুল ইসলাম ওরফে বাবু (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়ায় তাঁর নানার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার সাজিদুল উপজেলার কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান এলাকার শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, নিজ বাড়িতে না থেকে নানার বাড়িতে অবস্থান করছিলেন সাজিদুল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, একই দিন দুপুরে বাঁশখালী প্রধান সড়কের মহাজনঘাটা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত একটি ঝটিকা মিছিলে সাজিদুলকে দেখা যায়। এ মিছিলকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েক ঘণ্টা পরই রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে সাজিদুলের উপস্থিতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের পর সাজিদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।


























