বাবার কাছে ভাঙতি টাকা না থাকায় পাটার পাথর দিয়ে মাথায় আঘাত: ভ্যানচালক বাবাকে খুন করল ছেলে!
- Update Time : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৮ Time View

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাবার মাথায় পাথরের আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মোস্তফা (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। নিহত রহিম (৪৮) পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন মোস্তফা তার বাবা রহিমের কাছে টাকা চান। রহিমের কাছে ভাঙতি টাকা না থাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে মোস্তফার বোন এগিয়ে আসেন এবং টাকা ভাঙানোর জন্য স্থানীয় দোকানে যান।
বোন দোকান থেকে ফিরে এসে দেখেন, মোস্তফা ঘরের ভেতর তার বাবা রহিমকে মৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘরে থাকা পাটার ছোট পাথরের টুকরা দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করার ফলে ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয়।
খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।




















