রামপালে ‘সমতায় তারুণ্য’: জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় সরকারি কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের অঙ্গীকার
- Update Time : ০৬:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ১৯ Time View

বাগেরহাটের রামপালে তরুণদের মধ্যে জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় ধারাবাহিক তিনটি সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এর অংশ হিসেবে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রামপাল সরকারি ডিগ্রি কলেজের ৩৫ জন শিক্ষার্থী এবং বুধবার (১৪ অক্টোবর) গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক ‘ইয়ুথ এনগেজমেন্ট ইন্টারঅ্যাকটিভ সেশন’ আয়োজন করা হয়।
এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামপাল উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি কর্মকর্তা, সামাজিক ও ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক এবং যুব সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ‘স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন’ অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সেশনগুলোর যৌথ আয়োজন করে ক্রাফট ইনস্টিটিউট (CRAFT Institute) ও ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
১৫ অক্টোবরের অ্যাডভোকেসি সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সোহানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জেন্ডার সমতা প্রতিষ্ঠা, তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ রাখা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে স্থানীয় প্রশাসন ও সামাজিক নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেন।



















