রামপালে সহসভাপতি সাগর আহমেদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
- Update Time : ১২:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও নতুন প্রজন্মের মাঝে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বাগেরহাটের রামপালে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি। রামপাল উপজেলার ১১৬ নম্বর গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকের হাতে ফলদ ও বনজসহ নানা প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি শেখ সাগর আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৈশব থেকেই গাছ লাগানোর এমন অভ্যাস গড়ে তোলার উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল প্রেসক্লাবের সহসভাপতি মো. আরিফ হাসান গজনবী, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহানুর রহমান।
উদ্যোক্তা শেখ সাগর আহমেদ জানান, বিদ্যালয়ের পরিবেশ মনোরম রাখা এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সহকারী শিক্ষক হ্যাপি বেগম, মঞ্জু বেগম, রিনা বেগম এবং গোপী পাল। আলোচনা সভা শেষে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন গাছের চারা রোপণ করেন।



















