স্পিকারের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা বৃদ্ধির তাগিদ
- প্রকাশের সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 38

০৪ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। আজ বুধবার (০৪ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় ককাস গ্রুপ গঠন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা এবং সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। কসোভোর জনগণ নিজেদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সংস্কৃতির নিবিড় সম্পৃক্ততা বিদ্যমান।”
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণ তুলে ধরে স্পিকার বলেন, বিগত ১৭ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভোট জালিয়াতির মাধ্যমে বিগত সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার চিত্র জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি আরও বলেন, ’২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের অবসান ঘটে এবং বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সূচিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করে স্পিকার জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশে নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনাকে স্বাগত জানান। বর্তমান সংসদের সংসদ-সদস্যদের বস্তুনিষ্ঠ আলোচনা ও সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ ও কর্মক্ষম। এই তরুণ সমাজ মানসম্মত শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
সাক্ষাৎকালে কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আগাম স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত লুলজিম প্লানা। একই সাথে তিনি জাতীয় সংসদের স্পিকারকে কসোভো সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উক্ত বৈঠকে কসোভো দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























