উত্তর বাড্ডায় খোলা ম্যানহোল যেন মরণফাঁদ: প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দ্রুত মেরামতের দাবি
- Update Time : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫ Time View

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ব্যস্ততম উত্তর বাড্ডা সাতারকুল রোড কামিল মাদ্রাসার সামনের সড়কে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে একটি ঢাকনাহীন ম্যানহোল। ব্যস্ত এই সড়কে ঢাকনা না থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনেই এই খোলা ম্যানহোলে পড়ে বেশ কয়েকটি রিকশা, অটোরিকশা এবং মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি চালক ও যাত্রীরা গুরুতর আহত হচ্ছেন। বিশেষ করে রাতের আঁধারে কিংবা অতিরিক্ত ভিড়ের সময়ে ঢাকনাহীন গর্তটি পথচারী ও চালকদের জন্য এক প্রকার ‘মরণফাঁদে’ রূপ নিয়েছে।
সড়কের পাশের এক স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্ধ্যা নামলেই সড়কটিতে আলো কমে যায়, ফলে ম্যানহোলটি স্পষ্ট বোঝা যায় না। প্রায় প্রতিদিনই রিকশা বা মোটরসাইকেলের চাকা এতে আটকে গিয়ে উল্টে যায়। পথচারীরাও অন্ধকারের মধ্যে হোঁচট খেয়ে গর্তে পড়ে আহত হচ্ছেন।”
ব্যস্ততম এই গুরুত্বপূর্ণ সড়কে অনাকাঙ্ক্ষিত বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অবিলম্বে নতুন ঢাকনা স্থাপন করে জনদুর্ভোগ লাঘব করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী চালকেরা।




















