কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিরাজগঞ্জের সিভিল সার্জন: টিকাদান ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা
- Update Time : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন। পরিদর্শনকালে তিনি চিকিৎসা সেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনের শুরুতে সিভিল সার্জন মহোদয় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি স্বাস্থ্য সহকারীদের নিয়ে আয়োজিত মাসিক সভায় যোগ দেন। সভায় মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মিজেলস (হাম) এবং এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সেবার পরিধি আরও বাড়ানোর নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





















