কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি করা মালামালসহ আটক ৩, থানা পুলিশের সতর্ক বার্তা
- প্রকাশের সময় : ০৩:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 56

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চুরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চোর চক্রের এক সদস্যের কাছ থেকে জব্দ করা একটি গ্যাস সিলিন্ডার।
রোববার (৩০ আগস্ট) কুলাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
তাজুল ইসলাম (২৬): জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের জলু মিয়ার ছেলে।
শাহজাহান মিয়া (২৫): দিঘীরপাড়-জয়পাশা এলাকার বদরুল মিয়ার ছেলে।
আব্দুল হামিদ (২২): জতনমুড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কিংবা ভোরে সুযোগ বুঝে বাসা-বাড়ির জানালা দিয়ে মোবাইল ফোন ও ঘরে ঢুকে গ্যাস সিলিন্ডার, বাইসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে নিরাপদ ও চোরমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
একই সাথে নাগরিকদের সচেতনতার আহ্বান জানিয়ে ওসি আরও বলেন, “সন্ধ্যা কিংবা দিনের বেলা অনেকে ঘর খালি রেখে বাইরে যান, ওত পেতে থাকা চোরেরা ঠিক এই সুযোগটিই নেয়। তাই বাসা একবারে খালি না রেখে অন্তত একজনকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই সচেতন হলেই চুরি রোধ করা সম্ভব।”




















