কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাসাস নেতাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর, ফেসবুকে ক্ষোভের ঝড়
- Update Time : ০৩:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে এক অঙ্গসংগঠনের নেতাকে মঞ্চ থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার নেতার নাম সালমান হুসাইন। তিনি উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে হঠাৎ সালমান হুসাইনকে স্টেজ থেকে ডেকে বাইরে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপরই তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। তবে ঠিক কী কারণে কিংবা কারা এই হামলার পেছনে জড়িত, সে বিষয়ে ভুক্তভোগী সালমান হুসাইনের প্রত্যক্ষ কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। কুলাউড়া উপজেলা ও জেলা ছাত্রদল এবং জাসাসের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
তৃণমূল নেতাকর্মীরা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি বড় কর্মসূচিতে নিজ দলের অঙ্গসংগঠনের নেতার ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। রাজনীতিতে এই ধরনের হিংসাত্মক ও প্রতিহিংসাপরায়ণ মানসিকতা পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) সহ জেলা ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতাকর্মীরা। কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসাকে প্রশ্রয় না দিয়ে বিষয়টি গভীরভাবে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন তারা।




















