চিরিরবন্দরে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট
- Update Time : ১২:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে আবারও এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। চেতনানাশক স্প্রে করে পরিবারের সব সদস্যকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বিশ্বনাথপুর গ্রামের চুড়িয়ালি পাড়ার মো. নুর আলমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ডাকাতদল বাড়িতে চেতনানাশক জাতীয় স্প্রে প্রয়োগ করে। স্প্রের প্রভাবে পরিবারের সদস্যরা অসুস্থ ও অচেতন হয়ে পড়লে ডাকাতরা বাড়ির চারটি কক্ষে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালের পাশাপাশি একটি হিরো এক্সট্রিম মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।
নুর আলমের ছেলে মোছাব্বের জানান, স্প্রে করার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। সেই সুযোগেই ডাকাতরা ঘরের সব মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর অসুস্থ পরিবারের সকল সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতরে তীব্র ঝাঁঝালো গ্যাসের গন্ধ ও মাথা ঝিমঝিম করার অনুভূতি পাওয়া যায়। ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়।
এলাকাবাসীর অভিযোগ, আমবাড়ী এলাকায় দিন দিন চুরি ও ডাকাতির উপদ্রব বাড়ছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঘটনার খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে সর্বাত্মক আইনানুগ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।



















