জিমখানায় অটোরিকশার ভাড়া নৈরাজ্য: জিম্মি যাত্রীরা, জরুরি প্রশাসনিক হস্তক্ষেপের দাবি
- Update Time : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ব্যস্ততম জিমখানা অটোরিকশা স্ট্যান্ড এবং এর আশপাশের রুটগুলোতে চরম নৈরাজ্য ও বেপরোয়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। চালক ও স্ট্যান্ডের অসাধু সিন্ডিকেটের কাছে সাধারণ যাত্রীরা একপ্রকার অসহায় ও জিম্মি হয়ে পড়েছেন। প্রতিবাদ করার উপায় না থাকায় প্রতিনিয়ত মুখ বুজে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দেওবড়ী থেকে জিমখানা পর্যন্ত অটোরিকশার নির্ধারিত ভাড়া ১৫ টাকা। আর একটু এগিয়ে বাংলাবাজার থেকে উঠলে যৌক্তিক ভাড়া ১০ টাকা। অথচ বাংলাবাজারের মাত্র তিন ভাগের একভাগ দূরত্ব—অর্থাৎ বউবাজার কিংবা জোড়াপুলের মতো নিকটবর্তী স্থান থেকে অটোরিকশায় উঠলেই যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ১০ টাকা আদায় করা হচ্ছে। যে অল্প দূরত্বের ভাড়া সর্বোচ্চ ৫ টাকা হওয়ার কথা, সেখানে দ্বিগুণ টাকা আদায় করায় সাধারণ যাত্রীদের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
যাত্রীদের অভিযোগ, এই অযৌক্তিক ভাড়ার প্রতিবাদ করতে গেলেই চালক ও তাদের সহযোগীদের কটূক্তি ও চরম হেনস্তার শিকার হতে হয়। একা প্রতিবাদ করার মতো কোনো পরিবেশ না থাকায় এবং অদৃশ্য কোনো ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিদিন যাতায়াতকারী কর্মজীবী ও সাধারণ মানুষ এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে এলাকার সচেতন মহল, তরুণ সমাজ এবং স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবিলম্বে জিমখানা স্ট্যান্ডে এবং অটোরিকশাগুলোতে দূরত্ব অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করতে হবে। একই সাথে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের নিয়মিত নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের জমতে থাকা এই ক্ষোভ যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর সংঘাতের রূপ নিতে পারে। দ্রুত এই অরাজকতা বন্ধ করে সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


















