ঝালকাঠিতে উৎসাহ-উদ্দীপনায় জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 91

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নানা বর্ণাঢ্য আয়োজন ও দলীয় কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে দলের ইতিহাস, রাজনীতিতে এর ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে দলটির অবদান তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করে এবং বর্তমানেও দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে।




















