ঝিনাইদহে ছাত্রাবাসে ডিবির অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৩
- Update Time : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

মাদক সেবনের আড্ডায় মিলল ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—ফয়সাল (৩৪), অন্তর (২১) ও আব্দুল হাই (৩২)।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে ফয়সালের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অপর দুইজন অন্তর ও আব্দুল হাইকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। আটক অন্তর ঝিনাইদহ শহরের কালীকাপুর পাড়ার বাসিন্দা। তার বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত। অপর আটক আব্দুল হাই শহরের মর্ডান মোড়সংলগ্ন মহিলা কলেজপাড়ার বাসিন্দা।
ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















