টেকনাফের পাহাড়ে মিলল আরও তিন মরদেহ, উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান
- প্রকাশের সময় : ০৮:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 22

হ্নীলার গহীন অরণ্যে মানবপাচারকারীদের আস্তানায় মরদেহের সন্ধান,আগের দিন অভিযানে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৬ জিম্মি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় তিনজনের মরদেহ পড়ে থাকার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বিকেলে নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড়ি অরণ্যে মরদেহগুলোর সন্ধান মেলে। সেগুলো উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান তিনটি মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ের গভীরে মানবপাচারকারীদের আস্তানায় মরদেহ পড়ে থাকার খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে কাজ করছেন। মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই পাহাড়ি এলাকায় সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ (২৭) প্রাণ হারান।
অভিযান চলাকালে ওই আস্তানা থেকে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচার চক্রের ছয় সক্রিয় সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে শুক্রবার সকালে উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এরই মধ্যে পাহাড়ের ভেতরে নতুন করে তিনটি মরদেহ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ করে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।




















