মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত থেকে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
- প্রকাশের সময় : ০৮:৩৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 23

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত থেকে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া দুইজন হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল (৫০) ও একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন (৩০)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এমন তথ্যের ভিত্তিতে হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। পরে দুপুরের দিকে দুই ব্যক্তিকে ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩.৯৪১ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‘আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।





















