ধর্ম যার যার, দেশটা সবার’— নওগাঁয় জন্মাষ্টমীর আলোচনা সভায় পরিবেশ প্রতিমন্ত্রী
- Update Time : ০৯:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৫ Time View

মোঃ আব্দুল করিম, নওগাঁ জেলা প্রতিনিধি:
“বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ সৌহার্দ্যের দেশ। আবহমানকাল থেকে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান একসাথে বসবাস করছি। প্রত্যেক ধর্মের মানুষজন স্বাধীনতা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করছি। ধর্ম যার যার, দেশটা সবার।”
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে নিয়ামতপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ঢোল-তবলা বাজিয়ে এবং কৃষ্ণের নাম-কীর্তনের মাধ্যমে ভক্তবৃন্দ শোভাযাত্রাটি নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরবর্তীতে এটি জেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ভীম চন্দ্র বর্মণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক নিতাই বর্মণ, সহ-সভাপতি নিশেন চন্দ্র বর্মণ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সুবোধ চন্দ্র সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের পাশাপাশি ভক্তরা দিনব্যাপী উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে অত্যাচারী রাজা কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে পাশবিক ও অসুরশক্তি দমন করে পৃথিবীতে শান্তি, সত্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠার লক্ষে ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যে আবির্ভূত হন। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও নিয়ামতপুর উপজেলাজুড়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।




















