নওগাঁয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
- Update Time : ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

নওগাঁয় বাস ও সিএনজি চালকদের মধ্যে বিরোধের জেরে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে বাস মালিক সমিতি। একই ঘটনায় সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
সম্প্রতি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় যাত্রীবাহী বাসের গতিরোধ বা থামিয়ে চালক ও সুপারভাইজারকে মারধর করার অভিযোগ উঠেছে জেলার বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এই ঘটনার সুষ্ঠু সমাধান ছাড়া পরিবহন শ্রমিকরা গাড়ি চালাবেনা এবং মালিক সংগঠনও তাদের গাড়ির নিরাপত্তার কথা চিন্তা করে রোডে গাড়ি ছাড়বে না। এরই মধ্যে এমন খবরে মালিক ও শ্রমিক সংগঠনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানানো হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
এরই মধ্যে বিষয়টি নিয়ে নওগাঁ জেলা পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। বাস মালিক ও শ্রমিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল নওগাঁর বিভিন্ন রুটে(অভ্যন্তরীণ ও আন্তজেলা) বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিক সংগঠন গুলোর(বাস ও সিএনজি/অটো) উত্তেজনা কর পরিস্থিতির কারণে সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
একই সাথে বাস ও সিএনজি-অটোরিকশা চলাচল বন্ধ থাকলে জেলার দুরপাল্লার যাত্রীদের মতো অভ্যন্তরীণ যাত্রীদের চরম ভোগান্তি হবে বলে ধারনা করা হচ্ছে। জেলার বিভিন্ন রুটের সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তবে বাস-সিএনজি পরিবহন অবরোধ পরিস্থিতি সমাধান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উভয় পক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত/বক্তব্য এখনো পাওয়া যায়নি।




















