নাগেশ্বরীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- Update Time : ০৩:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১৯২ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:
রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, দপ্তর সম্পাদক মো. সুজন মিয়া, সহ আরও অনেকেই।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মামুনুর রশীদ মামুন বলেন,
> “আমরা হয়তো এখনো খুব জনপ্রিয় রাজনৈতিক দল নই, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার আন্দোলনই সবচেয়ে বাস্তববাদী, প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক রাজনীতির ধারা তৈরি করেছে। এক সময় যাঁরা ‘সংস্কার’ শব্দ শুনতেই মুখ বাঁকাতেন, তারাও এখন সংস্কারের পক্ষে-বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এটাই আমাদের রাজনৈতিক সাফল্য।”
নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া বলেন,
> “হাসিনাশাহী শাসনের পতন ঘটানো এক রক্তক্ষয়ী, হার না মানা আন্দোলনের ফসল। ১৯৭১ সালের পর এমন বিজয় বাংলাদেশ আর দেখেনি। কিন্তু এখনো দেশে কিছু ফ্যাসিবাদী আচরণ দৃশ্যমান। যারা জনগণের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতিহত করতে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন,
> “গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যর্থ হয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—প্রত্যেক নাগরিক যেন সুশাসনের আওতায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন, নাগরিক অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।










