ফ্যামিলি কার্ড ও স্মার্ট বাংলাদেশ: পরিবার জরিপ কেন গুরুত্বপূর্ণ?
- Update Time : ০১:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর সহ সারা দেশব্যাপী ফ্যামিলি কার্ড প্রদানের জন্য পরিবার জরিপ কাজ শুরু হয়েছে।
করোনা মহামারীর সময় রাষ্ট্র যখন ২৫০০ টাকা করে মানবিক সহায়তা দিতে যায়, তখন সঠিক ব্যক্তি নির্বাচন এবং ডিজিটালি টাকা পাঠানো এক ভয়াবহ চ্যালেঞ্জের রূপ নিয়েছিল। তাছাড়া ঢাকার সদর দপ্তরে বসে দেশের কোথায় কোন পরিবারের কী অবস্থা, কার আর্থিক সঙ্গতি কেমন—তা নিখুঁতভাবে জানা রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল না। কোনো পরিবারের অর্থনৈতিক অবস্থা ৬ মাস পর উন্নত হতে পারে আবার নতুন করে খারাপও হতে পারে। এসব বিষয় নিখুঁতভাবে নির্ধারণ করবে ‘পোভার্টি স্কোর’ (Poverty Score)।
প্রকৃতপক্ষে, রাষ্ট্রের যেকোনো দপ্তরের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পরিবার জরিপের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের প্রকৃত চিত্র রাষ্ট্রের হাতের মুঠোয় চলে আসবে, যা সরকারি সেবা ও পরিকল্পনা বাস্তবায়নকে করবে অনেক সহজ, সুন্দর ও সুস্পষ্ট।
পরিবার জরিপ কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
পরিবার জরিপ (Family Survey বা Household Survey) একটি দেশের টেকসই উন্নয়ন, সঠিক পরিকল্পনা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মূল ভিত্তি। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকার প্রতিটি পরিবারের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যগত অবস্থার সঠিক চিত্র পাওয়া যায়। পরিবার জরিপ গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলো নিচে তুলে ধরা হলো:
সঠিক পরিকল্পনা প্রণয়ন: দেশের বা নির্দিষ্ট অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) কেমন রয়েছে, তা জেনে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সঠিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে।
দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিহ্নিতকরণ: প্রকৃত দরিদ্র, দুস্থ, বিধবা কিংবা প্রতিবন্ধী পরিবারগুলোকে খুঁজে বের করে সরাসরি সরকারি সাহায্য, ভাতা ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা সহজ হয়।
সম্পদের সুষম বণ্টন: কোন এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কিংবা হাসপাতালের প্রয়োজনীয়তা বেশি, জরিপের তথ্য বিশ্লেষণ করে বাজেটের অর্থ ও সম্পদ সেখানে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়।
স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন: পরিবারে শিশুর সংখ্যা, ঝরে পড়া (ড্রপ-আউট) শিক্ষার্থীর হার, পুষ্টির অবস্থা এবং টিকাদানের চিত্র দেখে প্রয়োজনীয় স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি জোরদার করা যায়।
কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ: পরিবারের উপার্জনকারী সদস্যের সংখ্যা, বেকারত্বের হার এবং আয়ের উৎস চিহ্নিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া সহজ হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও দ্রুত ত্রাণ সহায়তা: কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কোন পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার পূর্বানুমান ও সঠিক ডেটাবেজ আগে থেকেই প্রস্তুত থাকে। ফলে দুর্যোগকালীন সময়ে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়।
কাজিপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান
সহজ কথায়, একটি নিখুঁত পরিবার জরিপ সমাজের প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর অধীনে ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা কাজের সাবেক সুপারভাইজার মোঃ আব্দুল মোমিন জানান, স্মার্ট বাংলাদেশের সুবিধা সরাসরি পেতে এবং সঠিক তথ্যভিত্তিক সমাজ গঠনে কাজিপুর সহ সিরাজগঞ্জের সকল পরিবারকে জরিপ কাজে সঠিক তথ্য দিয়ে সহায়তার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।



















