বাবার মরদেহ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
- Update Time : ১২:১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫ Time View

যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়ির বারান্দায় রেখে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের বাসিন্দা মাহবুর ও আছাবুর—এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে দুই পরিবারের মধ্যে বৈরী সম্পর্ক বজায় ছিল।
সোমবার সকালে তাদের বাবার মৃত্যু হয়। স্বজন ও প্রতিবেশীরা যখন শোক প্রকাশ ও দাফনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বাবার মরদেহ বারান্দায় রেখে দুই ভাই জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী মারামারিতে রূপ নেয়।
বাবার মরদেহ সামনে রেখে এমন অমানবিক আচরণে উপস্থিত স্বজন ও গ্রামবাসী হতবাক হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুই পক্ষকে নিবৃত্ত করেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় বাবার মৃত্যুর পরপরই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এ পারিবারিক বিরোধের সুষ্ঠু মীমাংসার দাবি জানিয়েছেন, অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।



















