বিরলে শ্বশুরবাড়িতে বর্গের সাথে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 65

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে শ্বশুরবাড়ির শয়নকক্ষ থেকে ইমরান আলী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমরান আলী উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের বড় মোহনপুর গ্রামের মো. মানিক আলীর ছেলে। তিনি পাকুড়া গ্রামের মোহাম্মদ আহেদ আলীর ছোট মেয়ের জামাতা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শয়নকক্ষের বর্গার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ইমরানকে ঝুলতে দেখে স্বজনরা। বিষয়টি পুলিশকে জানানো হলে বিরল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















