বৃষ্টি উপেক্ষা করে কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- Update Time : ০৮:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৭ Time View

মো: আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী শিখা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে বৃষ্টিস্নাত মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
হিন্দু পৌরাণিক বিশ্বাস ও পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রভাবে ধরামধামে শুভ আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের। অত্যাচারী রাজাদের বিনাশ করে সত্য, সুন্দর ও ধর্ম সংস্থাপনের লক্ষ্যে তাঁর এই মর্ত্যে আগমন। এই বিশেষ দিনটিকে স্মরণ করে প্রতি বছরের ন্যায় এবারও ভক্তকূল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছেন।
সোনামুখী শিখা মন্দিরে আয়োজিত বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন—
নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার (ভূমি), কাজিপুর উপজেলা
মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ (ওসি), কাজিপুর থানা
শ্রী খোকন, প্রভাষক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ
এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক সাধারণ ভক্ত ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বলেন, দ্বাপর যুগে মথুরার অত্যাচারী রাজা কংসের নির্যাতন থেকে মুক্ত করতে এবং পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ঝড়-বৃষ্টির রাতে কারাগারে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণকে বসুদেব যমুনা পার করে গোকুলে নন্দ-যশোদার নিকট রেখে এসেছিলেন, যিনি পরবর্তীতে কংস বধ করে অধর্মের বিনাশ ঘটান।
সনাতন ধর্মাবলম্বীরা গীতা পাঠ, উপবাস, পূজা-অর্চনা ও এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন।




















