মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পরিস্থিতি জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
- Update Time : ১১:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) নজরুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে এ বিষয়ে সৌদি সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোট ভারবাল (কূটনৈতিকপত্র) পাঠানো হয়েছিল। শনিবারের বৈঠকে রাষ্ট্রদূতের কাছে ওই নোট ভারবালের একটি অনুলিপি (কপি) হস্তান্তর করা হয় এবং পুরো ঘটনার সবিস্তার ব্যাখ্যা ও সৌদি সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অবহিত না করায় পরিস্থিতি জানতে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং পূর্বে পাঠানো চিঠিটি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, মক্কার মসজিদ এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক বাংলাদেশি নারী ও এক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার আগে কিংবা পরে বাংলাদেশ সরকারকে বা ঢাকাস্থ দূতাবাসকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে বিষয়টি আসে, যা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করে এবং এর ধারাবাহিকতায় শনিবারে সরাসরি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।



















