মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাবা গুরুতর আহত
- Update Time : ১১:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭০ Time View

মোঃ শাহাদাত হোসেন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দ্রুতগতির মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের বারইয়ারহাট-জোরারগঞ্জ সড়কের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম দেবরাজ বনিক (২২)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কনা জুয়েলার্সের মালিক আশিষ বনিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড় ৮টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের নিজ জুয়েলারি দোকান বন্ধ করে বাবা ও ছেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চৌধুরীহাট বাজার অংশ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এক অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির মাছবাহী মিনি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দেবরাজ বনিক। চালকের আসনে থাকা তার বাবা আশিষ বনিক মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
উপজেলার বারইয়ারহাট-জোরারগঞ্জ সড়কে অতিরিক্ত গতিতে মাছ বহনকারী পিকআপ চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। বেপরোয়া এসব যানকে সড়কটিতে ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।


























