মুরাদনগরে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে নারী হত্যার অভিযোগ
- প্রকাশের সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 78

মুরাদনগরে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে নারী হত্যার অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শরিফ মিয়া ছুরিকাঘাত করে সুখিয়া বেগমকে হত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে মাদক সেবন ও পারিবারিক নানা বিরোধের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তারা আলাদা হয়ে যান।
তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। নিহতের পরিবারের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।






















