মেলান্দহে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
- Update Time : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

জামালপুরের মেলান্দহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, দ্রোহ ও প্রেমের এক অনন্য প্রতীক। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নজরুলের শিল্প-সাহিত্য ও কালজয়ী চেতনা ছড়িয়ে দিতে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “জাতীয় কবির অমর সাহিত্যচর্চা ও অনন্য আদর্শ নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।” এ ধরনের সময়োপযোগী ও উদ্দীপনামূলক আয়োজনের জন্য তিনি উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলের গান ও নৃত্য প্রতিযোগিতা এবং এক আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।



















