রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১৩ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৫:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 17

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-বিন-শফিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক কারবারি ও সেবনকারীকে হাতেনাতে আটক করে।
পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ-বিন-শফিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-বিন-শফিক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে। রূপগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















