অভিযানের সুফল মিলল মাত্র তিন দিন: যশোরে ফের তীব্র যানজট, পথচারীদের দুর্ভোগ
- Update Time : ১০:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৭ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
যশোর শহরের যানজট নিরসনে পৌরসভার বিশেষ অভিযান খুব একটা কাজে আসছে না। অভিযানের পর প্রথম তিন দিন শহর অনেকটাই যানজটমুক্ত থাকলেও বৃহস্পতিবার থেকে ফের পুরোনো রূপ ফিরে পেয়েছে রাস্তাঘাট। ফলে তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।
গত ১৭ আগস্ট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ আগস্ট) থেকে শহরে অভিযান শুরু করে যশোর পৌরসভা। অভিযানে অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা শহরে চলাচল না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানের প্রভাবে সোমবার থেকে বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত শহরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন; যানজট না থাকায় স্বস্তিতে চলাচল করতে পেরে সাধারণ মানুষ পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানান।
তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। তিন দিন পার হতেই বৃহস্পতিবার সকাল ও বিকেলে শহরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গাড়িখানা রোডের প্রবেশমুখ পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধঘণ্টা আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পথচারীরা। পৌরসভার এমন দায়সারা অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, যিনি মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন, বিষয়টি তার কাছ থেকে জেনে নেওয়া ভালো।
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, শৃঙ্খলা ফিরিয়ে আনতে রোববার থেকে যানজট নিরসনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।



















