পূর্বধলায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৮:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 19

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত নুরুজ্জামান বিশকাকুনী ইউনিয়নের ভটপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে যাত্রাবাড়ী বাজার এলাকায় মাদক কেনাবেচা বা বহনের সন্দেহে মো. নুরুজ্জামানকে ৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন। পরে পূর্বধলা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার সত্যতা পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলামের নির্দেশক্রমে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অপরাধ স্বীকার করায় নুরুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডাদেশ ঘোষণার পরপরই পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জনতার খবর-কে জানান, স্থানীয় জনতার সহযোগিতায় ৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামিকে ইতিমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।






















