কুলাউড়ায় বিড়ালের আতঙ্ক: শিশুসহ ১১ জনকে কামড়ে জখম, হাসপাতালে চিকিৎসা
- Update Time : ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

রিপোর্টার : রাশেদ আহমদ
কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় বিড়ালের উপদ্রব ও কামড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক দিনে নারী ও শিশুসহ অন্তত ১১ জন বিড়ালের কামড়ে আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রামে হঠাৎ করেই হিংস্র হয়ে উঠেছে কয়েকটি বিড়াল। পথচারী, বাড়ির উঠানে থাকা মানুষ এমনকি ঘরের ভেতর ঢুকেও হামলা চালাচ্ছে এগুলো।
আহতদের মধ্যে দু’বছরের শিশু প্রমিত ছাড়াও রয়েছেন প্রবীণ ব্যক্তি, পথচারী ও গৃহিণী। ঘটনার পর আহতদের দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় জলাতঙ্কের টিকা (অ্যান্টি-রেবিস ভ্যাকসিন) দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, বিড়ালের কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছিলেন। সকলকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদানসহ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে।
এদিকে হঠাৎ বিড়ালের এমন আগ্রাসী আচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। বিশেষ করে ছোট সন্তানদের ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাগলা ও হিংস্র বিড়াল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


















