শিমুলদাইড়ে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট: ৮ম শ্রেণীকে হারিয়ে ১০ম শ্রেণী (বিজ্ঞান) চ্যাম্পিয়ন
- Update Time : ০৭:৩১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত “আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলায় ৮ম শ্রেণীকে পরাজিত করে বিজয়ী ট্রফি নিজেদের করে নিয়েছে ১০ম শ্রেণীর (বিজ্ঞান শাখা) শিক্ষার্থীরা।
গতকাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বিএ, এম.এড)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান শিক্ষক বলেন, “বিজয়ী হতে গিয়ে তোমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে মনে রাখবে, ঐকান্তিক প্রচেষ্টা থাকলে সাফল্য আসবেই। সত্যের জয় সব সময়। বিজয়ী ছাত্রদের জন্য দোয়া ও ভালোবাসা রইল।”
পরাজিত দলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যারা পরাজিত হয়েছো, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। অধ্যবসায় ও প্রচেষ্টা অব্যাহত রাখলে ভবিষ্যতে তোমরা শিক্ষা ও খেলাধুলা—উভয় ক্ষেত্রেই সফলতা বয়ে আনবে।”
বক্তব্য শেষে তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য স্কুল প্রশাসন, খেলা পরিচালনায় সম্পৃক্ত সকলকে এবং বিশেষভাবে বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক রফিকুল ইসলামকে ধন্যবাদ জানান।
























