তালায় রঙিন ফুলকপি চাষে নারী কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 15

সাতক্ষীরা তালায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রঙিন ফুলকপি চাষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৬ অক্টোবর) সকালে উন্নয়ন সংস্থা (সাস)-এর ‘অ্যাগ্রো মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট’-এর ফসল খাতের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংস্থার অ্যাগ্রো-ট্যুরিজম অ্যান্ড অ্যাগ্রি-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে পুষ্টিগুণসম্পন্ন রঙিন (হলুদ ও বেগুনি) ফুলকপি চাষ, সঠিক জমি প্রস্তুত, জৈব বালাই ব্যবস্থাপনা এবং আধুনিক বাজারজাতকরণ কৌশল নিয়ে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে যৌথভাবে সেশন পরিচালনা ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা, সংস্থার কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা এবং সংস্থার ট্যুরিজম অফিসার।
প্রশিক্ষণ প্রদানকালে ট্রেইনারগণ বলেন, প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ও পুষ্টিসমৃদ্ধ রঙিন ফুলকপি চাষ উপকূলীয় এলাকার কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সাধারণ ফুলকপির তুলনায় বাজারে এর চাহিদা ও মূল্য উভয়ই বেশি হওয়ায় এটি কৃষকদের আর্থিক সচ্ছলতা আনয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। একই সাথে কৃষি ও পর্যটনের সমন্বয়ে এই উদ্যোগ স্থানীয় পরিবেশবান্ধব কৃষিকে আরও লাভজনক করে তুলছে।
প্রশিক্ষণে স্থানীয় বেশ কয়েকজন সম্ভাবনাময় কৃষাণী অংশগ্রহণ করেন। তাঁরা এই নতুন প্রযুক্তির ফসল চাষের মাধ্যমে নিজেদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি সম্প্রসারণে আগ্রহ ব্যক্ত করেন। সংস্থাটি পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় মাঠপর্যায়ে এ ধরনের উচ্চমূল্যের ফসল উৎপাদন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।



















