দিনাজপুরের খানসামায় ভুয়া ডেন্টিস্টকে ৩০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৪:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩ Time View

দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও রোগীদের প্রতারিত করার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে এক কথিত ডেন্টিস্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ পরিচালনায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত ডেন্টিস্টের নাম মো. রফিকুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, মো. রফিকুল ইসলাম বিডিএস (BDS) ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে পাকেরহাটে চেম্বার খুলে রোগীদের দন্ত চিকিৎসা ও বিভিন্ন জটিল অপচিকিৎসা প্রদান করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে চিকিৎসা প্রদানের বৈধ কাগজপত্র ও সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভণ্ড ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সাধারণ মানুষকে সনদপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ছাড়া অপচিকিৎসকদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



















