নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 24

নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
“কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।”
নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে শেরপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে ০৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ (মহারশী)-তে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মো: শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি জনাব কাকন রেজা, রাজনীতিবিদ জনাব আব্দুল আওয়াল ও আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব আবু রায়হান রূপণ, রাজনীতিবিদ জনাব আকরামুজ্জামান রাহাত,জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় নারীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নারীর ক্ষমতায়ন, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীদের ইতিবাচক ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
























