ফটিকছড়িতে আনন্দ-উচ্ছ্বাস ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব
- Update Time : ০৮:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে উপজেলার ১২৭টি পূজামণ্ডপে একযোগে বিজয়া দশমীর বিসর্জন কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে টানা পাঁচ দিনের দেবী আরাধনা ও উৎসবের সাঙ্গ হয়।
এর আগে গত ১৭ অক্টোবর (শনিবার) মহাষষ্ঠীর মাধ্যমে সূচনা হয়েছিল এই আনন্দ আয়োজনের। পূজা চলাকালীন পাঁচ দিন ধরে মণ্ডপে মণ্ডপে ঢাকঢোলের বাদ্য, আলোকসজ্জা, চণ্ডীপাঠ, আরতি ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
উপজেলায় পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার নিরাপত্তা বলয় বজায় ছিল। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।
সার্বিক পরিস্থিতি তদারকি ও পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাঈদ মোহাম্মদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামীতেও সকল সম্প্রদায়ের মানুষের এমন সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।



















