ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৮:৩৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

চট্টগ্রামের ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক খামার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৩নং নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি মুরগির খামারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উক্ত পোল্ট্রি ফার্মে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও খামারে কাজ করছিলেন মুহরম আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাত ৯টার দিকে বিষয়টি টের পেয়ে সহকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান জানান, “বিদ্যুৎস্পৃষ্ট মুহরম আলীকে রাত ৯টার পর হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”



















