মুন্সীগঞ্জের লৌহজংয়ে হেরোইনসহ ৪ জন গ্রেফতার
- Update Time : ০৩:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৩ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার মালির অংক বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— লৌহজং উপজেলার আপর এলাকার সিরাজ বেপারীর ছেলে মো. জয় বেপারী (২৮), বেজগাঁও এলাকার মৃত সামসুল হক বেপারীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রানা (৩৩), একই এলাকার মৃত লতিফ দেওয়ানের ছেলে অন্ত দেওয়ান (২১) এবং দক্ষিণ মশদগাঁও এলাকার আমির হোসেনের ছেলে মো. রিফাত হোসেন ওরফে ডাকু (২৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর দিক-নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি দল মালির অংক বাজার এলাকার বাবু শেখের অটো গ্যারেজের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই চার যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


















