মেলান্দহে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি
- Update Time : ০৭:৩০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ীতে চক্রান্ত, অস্থিতিশীলতা সৃষ্টি ও অপরাজনীতির অপচেষ্টার বিরুদ্ধে এক উত্তাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
সোমবার রাতে হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি হাজরাবাড়ী পৌরসভার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী যেকোনো ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজপথে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় বিএনপি নেতারা বলেন, “একটি চক্র এখনও জনজীবন বিপর্যস্ত ও এলাকায় বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সব ধরনের অপতৎপরতা রুখে দিতে রাজপথে আমরা সোচ্চার আছি। শান্ত মেলান্দহকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।” একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান বক্তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, তেমনই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজরাবাড়ী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।




















