ধলপুর বস্তিতে নারী ও শিশু সুরক্ষায় কমিউনিটি ডায়লগ ও চলচ্চিত্র প্রদর্শনী
- Update Time : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ Time View

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বস্তিতে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন এবং অধিকার বিষয়ে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ ও শিক্ষণীয় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় তথ্য অফিসের ব্যবস্থাপনায় এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ (CE-SBC) শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ধলপুর বস্তির তসলিমা বেগমের বাড়ির আঙিনায় এ আয়োজন সম্পন্ন হয়। এতে স্থানীয় বস্তিবাসী নারী, শিশু এবং কিশোর-কিশোরীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের কমিউনিটি ডায়লগে বক্তারা বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে প্রান্তিক নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সবার আগে প্রয়োজন। এ সময় পুষ্টি সচেতনতা, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষার বিস্তারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নানা সামাজিক কুসংস্কার ও কুপ্রথা ভেঙে সুস্থ-সুন্দর ভবিষ্যৎ গঠনে নারী ও তরুণ প্রজন্মের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন আলোচকেরা।
আলোচনা পর্বের সমাপ্তিতে নারী ও শিশু অধিকার এবং বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে নির্মিত শিক্ষণীয় চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত বস্তিবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর দোরগোড়ায় সচেতনতামূলক বার্তা ও তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য অফিসের এ ধরনের উন্নয়নধর্মী উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।




















