রংপুরে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও আন্দোলনের হুঁশিয়ারি
- Update Time : ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রংপুরের মানুষ ২০২৬ সালের নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষেই রায় দিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথের লড়াই আরও বেগবান করা হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “জীবন যাবে, জুলাই দিব না।” আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি চাঁদাবাজি, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জোর দাবি জানান।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।
সমাবেশকে কেন্দ্র করে দিনভর রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জিলা স্কুল মাঠে জড়ো হন। সন্ধ্যার পর মাঠ ছাড়িয়ে আশপাশের প্রধান সড়কগুলোতেও জনস্রোত ছড়িয়ে পড়ে।



















