সম্প্রীতি ও সমন্বয়ে কাজিপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন: প্রস্তুতি থেকে বিসর্জনে সাফল্যের ছাপ
- Update Time : ০১:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পূর্বপরিকল্পনা, সুসংগঠিত প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা ২০২৬-এর সার্বিক আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
পূজা শুরু হয় ষষ্ঠী থেকে, তবে একটি সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্ন উৎসব উপহার দিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আগাম প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। আগাম পরিকল্পনা, আন্তদপ্তর সমন্বয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার যে ধারাবাহিকতা গড়ে তোলা হয়েছিল, তারই সফল প্রতিফলন ঘটেছে এবারের কাজিপুরের দুর্গোৎসবে।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার জন্য মাননীয় সংসদ সদস্য মো: সেলিম রেজা এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সাথে এই বিশাল আয়োজন সফল করতে কাজিপুর থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, কাজিপুর পৌরসভা ও সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিরলস ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছেন। তাদের অকৃত্রিম আন্তরিকতা, সহযোগিতা ও পেশাদার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রতিটি পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটি, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণে কাজিপুরে শারদীয় দুর্গোৎসবের প্রতিটি ধাপ সাফল্যমণ্ডিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মতে, কাজিপুরের এই সাফল্য পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও সম্মিলিত দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবেশে দেবী বিসর্জনের সময় বিসর্জনস্থলে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন এবং কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।



















