হবিগঞ্জে ছাত্রদল ও যুবদল নেতার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫০
- Update Time : ১২:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১১৪ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাবেক এক ছাত্রদল নেতা ও এক যুবদল নেতার মধ্যকার ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আজমিরীগঞ্জ পৌরসদর বাজারে এই সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে এক আসামির জামিন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ সময় পৌরসভার নগর গ্রামের বাসিন্দা ও সাবেক কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামের সঙ্গে একই পৌরসভার আজিমনগর গ্রামের যুবদল নেতা মারুফ আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফখরুল, মারুফকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় মারুফের সমর্থকরা ফখরুলের বিরুদ্ধে পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পরবর্তীতে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, এক আসামির জামিন সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে বিবাদের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










