কুড়িগ্রাম জেলা বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
- Update Time : ১০:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৩৬ Time View

সার ডিলারশিপকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি সার ডিলারশিপের সঙ্গে দুই নেতার সম্পৃক্ততার কোনো প্রমাণ বা বক্তব্য ছাড়াই তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি দুই নেতার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাদের। বিশেষ করে সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের কোনো সার ডিলারশিপের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন নেতাকর্মীরা। তাদের প্রশ্ন, কোনো সংবাদে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বা তাদের বক্তব্য না থাকলে পরবর্তীতে তাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়া কতটা যৌক্তিক? তৃণমূল নেতাকর্মীরা বলেন, কালীরহাট বাজারের দোকানে টাঙানো সাইনবোর্ডে ‘মেসার্স সিনথিয়া ট্রেডার্স, প্রোঃ মোঃ শহিদুল ইসলাম, রাসায়নিক সার বিক্রেতা, কালীরহাট বাজার, বেলগাছা, কুড়িগ্রাম সদর’ লেখা রয়েছে। ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সাইনবোর্ড টাঙানোর বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে তাদের দাবি, এসব প্রতিবেদনে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে কোনো অভিযোগ বা তাদের বক্তব্য প্রকাশিত হয়নি।নেতাকর্মীদের ভাষ্য, সার ডিলার নিয়োগ সরকারি প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে হওয়ার কথা। তাই ডিলারশিপের প্রকৃত বিষয় নিয়ে অনুসন্ধান, প্রশ্ন বা সংবাদ প্রকাশের অধিকার সবার রয়েছে। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া তার ছবি ব্যবহার করে রাজনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়া গ্রহণযোগ্য নয়।তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তথ্যের পরিবর্তে ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হলে তা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। তাই প্রকৃত ঘটনা সামনে আনতে হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার আহ্বান জানান তারা।তৃণমূল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা অভিযোগ প্রচার না করার আহ্বান জানিয়ে বলেন, সার ডিলারশিপ নিয়ে প্রকৃত তথ্য প্রকাশ হোক, অনিয়ম থাকলে তদন্ত হোক—কিন্তু কোনো ব্যক্তিকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন প্রচার বন্ধ করতে হবে।




















