খিলগাঁওয়ে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ১১:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 49

রাজধানীর খিলগাঁও এলাকায় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে বিএসটিআই’র মান সনদ (লাইসেন্স) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্যের তালিকায় থাকা সত্ত্বেও কোনো ধরনের বৈধ লাইসেন্স বা মান সনদ ছাড়াই বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। আইন অমান্য করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ এবং ‘বিএসটিআই আইন’ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত আদালত তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড প্রদান করেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি অবিলম্বে বিধি মোতাবেক লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে বিএসটিআই’র এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।




















