ধামাইনগর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদে লড়বেন গণমানুষের আস্থাভাজন জাকি উল্লাহ (এল এল বি)
- Update Time : ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৩ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যে ঘেরা ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণমানুষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ক্ষিরতলা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ জাকি উল্লাহ (এল এল বি)। তার এই ঘোষণার পর থেকেই পুরো ইউনিয়ন জুড়ে সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে বইছে আনন্দ ও নতুন আশার জোয়ার।
নম্র-ভদ্র স্বভাব, মিষ্টিভাষী ব্যক্তিত্ব ও সততার প্রতীক হিসেবে মোঃ জাকি উল্লাহ দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। বিপদে-আপদে সবার আগে পাশে দাঁড়ানো এই মানুষটি সাধারণ মানুষের কাছে পরিচিত ‘গরিবের বন্ধু’ ও ‘জনদরদী’ হিসেবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তিনি প্রতিনিয়ত এলাকার সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তরুণ ও যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত। ধামাইনগরকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি শুরু থেকেই সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা ও আইনের জ্ঞানে সমৃদ্ধ একজন ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব হওয়ায় ইউনিয়নের মুরব্বি থেকে শুরু করে তরুণ প্রজন্ম—সবাই তাকে নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ধামাইনগর ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে একজন শিক্ষিত, মানবিক ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আর সেই যোগ্যতার মাপকাঠিতে মোঃ জাকি উল্লাহ (এল এল বি) সাধারণ মানুষের প্রথম পছন্দে পরিণত হয়েছেন।
নিজের প্রার্থিতা ও ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোঃ জাকি উল্লাহ (এল এল বি) বলেন, “আমার রাজনীতি কোনো পদ-পদবির জন্য নয়, আমার রাজনীতি মানুষের সেবার জন্য। ধামাইনগর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র স্বপ্ন। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও ন্যায়ের পথে এই অগ্রযাত্রায় আমি সকল মুরুব্বি, মা-বোন, তরুণ সমাজ ও সর্বস্তরের ভোটারের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”
একজন শিক্ষিত ও জনবান্ধব প্রার্থীকে পাশে পেয়ে পুরো ধামাইনগর ইউনিয়নে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইউনিয়নের তৃণমূলের মানুষ বিশ্বাস করেন, তার নেতৃত্বে ধামাইনগর একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হবে।



















