পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় হারিয়ে যাওয়া ৪ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
- Update Time : ০৮:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকা থেকে কান্নাজড়িত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্টান বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে রাব্বি (১০), হানিফের ছেলে জাহিদুল ইসলাম (১১) এবং রিয়াজুল ইসলামের যমজ দুই ছেলে হাসান (১১) ও হোসাইন (১১)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকা থেকে তেঘরিয়া রেল স্টেশন যায় এই চার শিশু। সেখান থেকে ট্রেনের টিকিট কেটে তারা মাওয়া রেল স্টেশনে নামে। সাথে থাকা মাত্র ২০০ টাকা নিয়ে তারা মাওয়া ঘাটে ঘোরাঘুরি করতে থাকে। একপর্যায়ে টাকা শেষ হয়ে গেলে তারা আর বাড়ি ফিরতে পারছিল না। পরে সন্ধ্যা ৭টার দিকে চন্দ্রের বাড়ি বাজার এলাকায় তারা কান্নাকাটি শুরু করলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া চার শিশুকে মঙ্গলবার রাতে চন্দ্রের বাড়ি বাজার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই চার শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সন্তানদের হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়া পরিবারের সদস্যরা থানায় এসে তাদের ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশের এই মানবিক উদ্যোগে শিশুদের নিরাপদে ফিরে পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




















